কক্সবাজারের উখিয়ার বাসিন্দা সৈয়দ নুর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গা যুবকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
সোমবার (২১ জুলাই) বিকেল থেকে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া গ্রামের অছিউর রহমানের ছেলে ইসমাইল (২৬), রোহিঙ্গা নাগরিক অলী উল্লাহর ছেলে রহমত উল্লাহ এবং অপর রোহিঙ্গা আলী হোসেন মুনিয়া।
এছাড়া টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই সন্ধ্যায় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী জোবাইদা বেগম নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ২১ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে আজুখাইয়া এলাকার দুর্গম পাহাড়ের গহীন থেকে তার মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ঘাতকরা ছৈয়দ নুরকে আজুখাইয়ার গহীন পাহাড়ে নিয়ে গিয়ে গলায় প্লাস্টিকের গামটেপ পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করতে সক্ষম হয়। এরমধ্যে দুই জন্য রোহিঙ্গা, অন্যজন স্থানীয়।
