রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।
এক শোকবার্তায় সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী বলেন, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। যে পরিবারগুলো তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই দুর্ঘটনা যেন আর কোনো পরিবারকে কষ্ট না দেয়—এই প্রার্থনা করছি।’
শোকবার্তায় নেতৃদ্বয় আহতদের সুচিকিৎসার জন্য চিকিৎসক ও নার্সদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং হাসপাতালে ভিড় না করতে দর্শনার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানান।
এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে নেতারা বলেন, গত তিন দশকে বাংলাদেশ বিমানবাহিনীর ৩২টি বড় দুর্ঘটনা ঘটেছে। এর বেশিরভাগই প্রশিক্ষণ চলাকালেই ঘটে, বিশেষ করে পিটি-৬, ইয়াক-১৩০, এল-৩৯ বা এফ-৭ টাইপ বিমানের ক্ষেত্রে। প্রায় প্রতি দশকেই ফ্লাইট ক্যাডেট ও স্কোয়াড্রন লিডারদের প্রাণহানি ঘটেছে। প্রাণ গেছে সাধারণ মানুষেরও। এবার পুড়ে অঙ্গার হয়েছে স্কুলশিশুরা।
বিএসপিপি নেতারা বলেন, ‘আমরা আর কোনো প্রাণহানি দেখতে চাই না। এমন দুর্ঘটনা আমাদের সকলের জন্য বেদনাদায়ক। এ ধরনের ঘটনা এড়াতে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।’
