মাদ্রাসা শিক্ষার্থী লামিয়া হত্যা: কথিত স্বামী এছাহাক আটক

আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৬:৩১

মাদারীপুরের রাজৈর উপজেলার কাশিমপুর হোসাইনিয়া আলিম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়া হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে তার কথিত স্বামী এছাহাককে আটক করেছে রাজৈর থানা পুলিশ।

সোমবার (২১ জুলাই) রাতে রাজধানী ঢাকা থেকে তাকে আটক করা হয়। এছাহাক ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কডনী গ্রামের আজিজুর শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান।

এর আগে, গত ১৬ জুলাই বিকেলে একটি ফোনকল পাওয়ার পর লামিয়া কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর ফিরে আসেনি। পরিবার রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

পরদিন বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে লামিয়ার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় পাটকাটা শ্রমিকরা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি মাসুদ খান জানান, ‘লাশ উদ্ধারের পর আমরা দ্রুত ময়নাতদন্তের ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতিবেদন হাতে পেলেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় সন্দেহভাজন লামিয়ার কথিত স্বামী এছাহাককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ 

ইত্তেফাক/এমএস