সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ

আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৬:৫৮

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী চেলা নদী থেকে বালু উত্তোলনের সময় দুই বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আটককৃতরা হলেন-ছাতক উপজেলার বাসিন্দা মো. সিরাজ মিয়া (৫০) ও মো. আলিমুদ্দিন (২৫)।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শারপিনপাড়া গ্রামের চেলা নদীর কাছাকাছি আন্তর্জাতিক সীমানা পিলার ১২৪১ এইচএস অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন তারা। এ সময় তারা বালু উত্তোলনে ব্যস্ত ছিলেন। এ ঘটনায় তাদেরকে আটক করে নিয়ে যায় বিএসএফ—এমন তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ ও এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে কিছু বারকি শ্রমিক চেলা নদীতে কাজ করছিলেন। বালু উত্তোলনের সময় আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের ভেতরে ঢুকে পড়লে বিএসএফ সদস্যরা অভিযান চালিয়ে সিরাজ ও আলিমুদ্দিনকে আটক করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। তবে আটক শ্রমিকদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি সিলেট ৪৮ বিজিবির আওতাধীন।

সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, চেলা নদী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় কয়েকজন শ্রমিক সীমানা অতিক্রম করে ভারতের অংশে চলে যান। সেখানে বিএসএফ তাদের বাধা দিলে কিছু শ্রমিক ইট-পাটকেল নিক্ষেপ করেন। এরপর বিএসএফ দুইজনকে ধরে নিয়ে যায়। বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

ইত্তেফাক/এএইচপি