গুলিস্তানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য ককটেলসহ গ্রেপ্তার

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৫:০৬

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্যকে অবিস্ফোরিত ককটেলসহ গ্রেপ্তার করেছে পল্টন থাকা পুলিশ। তাদের কাছ থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। 

এদিকে বুধবার সকালে ডিএমপির পল্টন জোনের সহকারী কমিশনার (এসি) হুসাইন মুহাম্মদ ফারাবী এসব তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ কর্মীরা হলেন- মো. মেহেদী হাসান ফাহিম (৩০) ও মো. আরিফুর রহমান রাজা (৩০)। মেহেদী হাসান ফাহিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি চৌদ্দগ্রামের পাতুড্ডার আতিকুর রহমানের ছেলে। বর্তমানে তিনি কদমতলী মোহাম্মদবাগের ফকির চাঁন বাড়ি এলাকায় থাকতেন। এছাড়াও মো. আরিফুর রহমান রাজা বাকেরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য। তিনি বরিশালের বাকেরগঞ্জ থানার রাজাপুর গ্রামের মো. আলতাব মোল্লার ছেলে। বর্তমানে তিনি লালবাগ থানার দরি আঙ্গুর লেনে থাকতেন।

হুসাইন মুহাম্মদ ফারাবী বলেন, মঙ্গলবার রাতে গুলিস্তান এলাকায় পল্টন মডেল থানার একটি দল ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। এ সময় বিস্ফোরণ ঘটানোর প্রাক্কালে হাতেনাতে দুটি অবিস্ফোরিত ককটেলসহ মেহেদী এবং আরিফুরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, সিনিয়র নেতাদের নির্দেশে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের পল্টন মডেল থানায় একটি মামলা হয়েছে। তাদের রিমান্ডের আবেদন করে আদালতে তোলা হয়েছে।

ইত্তেফাক/এনটিএম