নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বৃদ্ধাকে ইট আঘাতে হত্যার অভিযোগ

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৭:৩৭

বাগেরহাটের চিতলমারী উপজেলায় নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আনোয়ারা বেগম আনু (৭৫) নামের এক বৃদ্ধাকে ইটের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে উমাজুড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আনোয়ারা ওই গ্রামের মৃত. সুলতান হাওলাদারের স্ত্রী। এই ঘটনায় দুই সহোদরকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- উমাজুড়ি গ্রামের হাসমত ভাবনার ছেলে আনসার ভাবনা (২৮) ও কাওসার ভাবনা (৩১)।

নিহত আনু বেগমের ছেলে আজাহার হাওলাদার অভিযোগ করেন, একই গ্রামের হাসমত ভাবনার দুই ছেলে কাওসার এবং আনসার আনু বেগমের নানতিকে উত্ত্যক্ত করে আসছিল। বুধবারও একইভাবে উত্ত্যক্ত করে অভিযুক্তরা। আনোয়ারা বেগম এর প্রতিবাদ করে। এক পর্যায়ে কাওসার ও আনসার ইট দিয়ে বৃদ্ধা আনু বেগমকে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে উদ্ধার করে প্রতিবেশীরা তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিতলমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাৎ হোসেন জানান, বৃদ্ধা আনোয়ারাকে হত্যার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে নিহতের ছেলে ফেরদৌস বাদী হয়ে থানায় হত্যা মামলা করবেন বলে জানিয়েছেন। তদন্তপূর্বক এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি