ভারত যাওয়ার পথে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বেনাপোল ইমিগ্রেশনে গ্রেপ্তার

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৮:১৬

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে সাত মামলার পলাতক আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস ছামাদ আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসাইন মুন্সি।

পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার সম আব্দুস ছামাদ পাসপোর্টও ভিসা নিয়ে বেনাপোল ইমিগ্রেশনে আসে। এরপর তার ডাটাবেজ যাচাইয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ একাধিক মামলা পাওয়ায় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায়  হস্তান্তর করে। পরে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই শেষে আব্দুস ছামাদের পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

আটক আব্দুস সামাদ (পাসপোর্ট নং এ-১৩৯৫৯১৯২) মৌলভীবাজার সদর জেলার ৪ন নম্বর ওয়ার্ড এর মোস্তফাপুর গ্রামের মো. আকিব আলীর ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসাইন মুন্সি বলেন, ইমিগ্রেশনে পাসপোর্ট নিয়ে যাচাই বাছাইয়ের পর জানা যায় তার নামে মামলা আছে। সঙ্গে সঙ্গে মৌলভী বাজার জেলা ডিআইও -১ এবং মৌলভীবাজার সদর থানার ওসিকে বিষয়টি জানায়। সেখানে থেকে জানানো হয় আব্দুস ছামাদের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে এবং তাকে পুলিশ খুঁজছে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা ওসি মো. রাসেল মিয়া বলেন, সাত মামলার আসামি আব্দুস সামাদ আজাদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মৌলভীবাজার থানায় তার নামে মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/এপি