ভেঙে গেল বিশ্বকাপজয়ী ফুটবলার ও গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকার ৯ বছরের সংসার

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৯:৪১

৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন সাবেক টেনিস তারকা আনা ইভানোভিচ ও জার্মান ফুটবল কিংবদন্তি বাস্তিয়ান শোয়াইনস্টাইগার। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে তাদের বিচ্ছেদের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ইভানোভিচের প্রতিনিধি ক্রিশ্চিয়ান শার্টৎস।

শার্টৎস জানান, ‘অমীমাংসিত মতপার্থক্য’ই এই তারকা জুটির মধ্যে দূরত্ব তৈরি করেছে, যা শেষ পর্যন্ত গড়িয়েছে বিচ্ছেদে।

২০০৮ সালে ফ্রেঞ্চ ওপেন জিতে টেনিস জগতে সাড়া ফেলে দিয়েছিলেন আনা ইভানোভিচ। একই বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরে যান মারিয়া শারাপোভার কাছে। ২০১৬ সালে পেশাদার টেনিসকে বিদায় জানান তিনি।

একই বছর, অর্থাৎ ২০১৬ সালে ইতালির ভেনিসে বিয়ে করেন ইভানোভিচ ও জার্মানির বিশ্বকাপজয়ী মিডফিল্ডার শোয়াইনস্টাইগার। এর আগে ২০১৪ সাল থেকে সম্পর্কে জড়িয়েছিলেন তারা। দাম্পত্য জীবনে তাঁদের তিন সন্তান রয়েছে।

বিবাহিত জীবনের শুরুর দিকে সব কিছু ঠিকঠাক চললেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের সম্পর্ক ভিন্ন পথে হাঁটতে শুরু করে। ইভানোভিচ বেশির ভাগ সময় সন্তানদের নিয়ে নিজের দেশ সার্বিয়ায় কাটালেও, শোয়াইনস্টাইগার পেশাগত কারণে প্রায়ই বিদেশে অবস্থান করতেন। টেলিভিশনে ফুটবল বিশ্লেষকের কাজ করার সুবাদে নানা দেশে ভ্রমণ ছিল তাঁর রুটিনের অংশ।

এই ভিন্ন জীবনধারাই শেষ পর্যন্ত দুজনের মধ্যে দূরত্ব তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলতি বছরের এপ্রিলেই ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল স্পোর্টস জানায়, এই তারকা দম্পতির সম্পর্ক ‘গভীর সংকটে’ রয়েছে। সেই সময় থেকেই তাদের বিচ্ছেদের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল।

এদিকে জার্মান সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, বাস্তিয়ান শোয়াইনস্টাইগারকে সম্প্রতি দেখা গেছে তার কথিত নতুন প্রেমিকা, বুলগেরিয়ান নারী সিলভার সঙ্গে। জানা যায়, তারা একসঙ্গে স্পেনের মায়োর্কা ও মরক্কোতে ছুটি কাটিয়েছেন।

তবে বিচ্ছেদ নিয়ে ইভানোভিচ বা শোয়াইনস্টাইগার কেউই এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। ইভানোভিচের আইনজীবী ভক্তদের প্রতি অনুরোধ জানিয়েছেন, এই সময়টা যেন তারা এই প্রাক্তন দম্পতির ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করেন।

ইত্তেফাক/এএম