নাটোরে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৯:২১

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালক মহির উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) রাতে নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, বুধবার রাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে ট্রাকচালককে গ্রেপ্তারে মাঠে নামেন। সবশেষ মধ্যরাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চালক মহির উদ্দিনকে সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। রাতেই ট্রাকচালক মহিরকে বনপাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঘটনার পর ট্রাকচালক মহির উদ্দিন নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করা হয়। তিনি থানা–হাজতে আটক আছেন। বড়াইগ্রাম থানার মাধ্যমে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হবে।

এর আগে গত বুধবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্ত অংশের আইড়মারী এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একই পরিবারের সাত সদস্যসহ আটজন প্রাণ হারান। নিহতদের মধ্যে ৬ জনই নারী। ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে নেওয়ার পরে আরো তিনজনের মৃত্যু হয়।

ইত্তেফাক/এপি