সাবেক এমপি মমতাজ হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৩:০৪

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান হত্যা ও যুবক ফরহাদ হোসেনের হত্যাচেষ্টার মামলা রয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন।

এ দিন সকালে আদালতে হাজির করা হয় মমতাজ বেগমকে। এরপর হত্যা মামলায় আশুলিয়া থানার এসআই মো. মজিবুর রহমান ভূঁইয়া ও হত্যাচেষ্টা মামলায় এসআই মদন চন্দ্র সাহা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।

‎মামলার এজহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আশুলিয়া থানাধীন এলাকায় গত বছরের ৫ আগস্ট কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৬ জুন নিহতের স্ত্রী সাজেদা পারভীন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।

‎‎অন্যদিকে একই এলাকায় আন্দোলনে অংশ নিয়ে ফরহাদ হোসেন নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তিনি সিএইচএম এ চিকিৎসা নেন। গত বছরের ২৯ সেপ্টেম্বর এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

ইত্তেফাক/এনটিএম