ফুটসালে ইরানি কোচ নিয়োগ দিলো বাফুফে

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৪:১৭

আগামী ২০-২৪ সেপ্টেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাই। বাংলাদেশ, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং স্বাগতিক মালয়েশিয়া অংশগ্রহণ করবে বাছাইয়ে। এ বাছাইয়ের পর আগামী বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব, এএফসি ফুটসাল এশিয়ান কাপের ১৮তম আসর। বাছাই টুর্নামেন্টকে সামনে রেখে ২০ ও ২১ জুলাই ঢাকায় হ্যান্ডবল মাঠে খেলোয়াড় বাছাই করেছে বাফুফে। দুই দিনের বাছাইয়ে ৬৩০ জন তরুণ নাম রেজিস্ট্রেশন করে। সেখান থেকে প্রাথমিক ভাবে ৫৩ জনকে বাছাই করা হয়। টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য ইরানি কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। 

বাছাই প্রক্রিয়ায় জড়িত থাকা কোচ আলফাজ আহমেদ জানিয়েছেন তাদের একটা কোচিং প্যানেলের মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হয়েছে। ইরানি কোচ এসে চূড়ান্ত তালিকা করবেন।' জানা গেছে ১৪ জনের স্কোয়াড করা হবে। বাছাই পর্বকে সামনে রেখে এবার ফুটসাল দলের প্রশিক্ষণের জন্য ইরান ফুটবল ফেডারেশনের ফুটসাল ইন্সট্রাক্টরকে তিন মাসের জন্য বাংলাদেশের ফুটসাল কোচ হিসাবে নিয়োগ দিয়েছে বলে গতকাল বাফুফে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

ইরানি কোচ সাইদ খোদারাহমিকে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে মিয়ানমার নারী-পুরুষ জাতীয় এবং বয়সভিত্তিক ফুটসাল দলগুলোর দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১২ সাল থেকে মায়ানমার ফুটসাল দলগুলো সঙ্গে কাজ করে আসছেন খোদারাহমি। ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মিয়ানমার পুরুষ ফুটসাল দলের দায়িত্ব পালন করেছিলেন তিনি। খোদারাহমির অধীনে তিনটি বাছাইপর্ব টুর্নামেন্ট খেলেছিল মিয়ানমার। তবে সেই তিন টুর্নামেন্টে বাছাই পর্ব থেকে বাদ পড়ে মিয়ানমার দেশটি। 

ইরানি কোচ মিয়ানমারকে সাফল্য দিতে পারেননি। বাংলাদেশ অধ্যায় তার কেমন কাটে, সেটাই এখন দেখার বিষয়। আন্তর্জাতিক ফুটসালের মঞ্চে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। প্রিমিয়ার ফুটবল লিগের কয়েকটি ক্লাব নিয়ে ২০০৮ সালে পল্টন ময়দানে উডেন ফ্লোরে একটা টুর্নামেন্ট আয়োজন করেছিল বাফুফে। ওটাই শেষ। আর কোনো উদ্যোগ ছিল না। তবে ২০১৮ সালে এশিয়ান ফুটসালে খেলেছিল নারী ফুটবল দল। আন্তর্জাতিক পরিসরে ফুটসালের ব্যপ্তি বৃদ্ধি পেয়েছে। 

ফুটসালের ইরানি কোচ সাইদ খোদারাহমি।

ফিফা ফুটসলাকে অধিকতর গুরুত্ব দিচ্ছে। এএফসিও ফুটসালের প্রসারে কাজ করছে। সেই ধারাবাহিকতায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) তাদের বর্ষপঞ্জিতে ফুটসাল অন্তর্ভুক্ত করেছে। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তোম ক্যাটেল কয়েক দিন আগে জানিয়েছেন ফুটসাল আয়োজন করবে সাফ। প্রথমবারের মতো এশিয়ান ফুটসাল টুর্নামেন্টের বাছাইপর্ব খেলবে বাংলাদেশ। এই টুর্নামেন্টের সবচেয়ে সফলতম দল ইরান। ১৭ আসরের মধ্যে সর্বোচ্চ ১৩ আসরই শিরোপা জিতেছে ইরান।

ইত্তেফাক/জেডএইচ