ফরিদপুরের সালথা উপজেলার চর বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় তুহিন মিয়া (২৫) ও মো. জামাল শেখ (৩৮) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বিদ্যালয়ের চুরি হওয়া লোহার বেঞ্চ, জানালার গ্রিল ও ফ্যানসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুন রাতে বিদ্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ও সরঞ্জামাদি চুরি হয়। এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ তুহিন মিয়া ও মো. জামাল শেখকে শনাক্ত করে এবং তাদের গ্রেপ্তার করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বল্লভদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির দায় স্বীকার করেছে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
