সাজেক সড়কে যান চলাচল শুরু, ফিরছেন পর্যটকরা

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৮:৫৪

টানা বৃষ্টিতে পাহাড়ধসের ঘটনায় বন্ধ হয়ে যাওয়া খাগড়াছড়ি-সাজেক মহাসড়কে প্রায় নয় ঘণ্টা পর যান চলাচল শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকাল তিনটায় সাজেকে আটকে পড়া পর্যটকদের বহনকারী গাড়িগুলো ফিরতে শুরু করেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। 

তিনি বলেন, দীঘিনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু হওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয় এবং আটকে পড়া পর্যটকদের বহনকারী গাড়িগুলো যাত্রা শুরু করে। এখন পথটি স্বাভাবিক আছে।

সাজেক রিসোর্ট অ্যান্ড কটেজ সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন জানিয়েছেন, সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ায় আটকে পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। এখন পর্যটকরা যাওয়া আসা করতে পারবেন, কোন সমস্যা নাই।

এর আগে ভারি বর্ষণে অন্তত তিনটি স্থানে পাহাড় ধসের কারণে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাড়ে আটকা পড়েন পাঁচ শতাধিক পর্যটক।

ইত্তেফাক/এএইচপি