কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের এক সদস্য ও দুই মাদক কারবারি আটক করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার হাসনাবাদ, মির্জাপুর সাতপুকুরিয়া ও পোমগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ১৫১ পিস ইয়াবা, নগদ টাকা, তিনটি মোবাইল ফোন এবং একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। পরে আটককৃতদের মনোহরগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সেনা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় হাসনাবাদ ইউনিয়নের নেয়ামতপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ওমর ফারুক (২৭) কে আটক করা হয়। তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৪১২ টাকা উদ্ধার করা হয়। সে উত্তরহাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে।
একইদিন রাত সাড়ে ৮টায় দক্ষিণ ঝলম ইউনিয়নের মির্জাপুর সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ওবাইদুল হক নোমান (২৫) কে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। সে ওই ইউনিয়নের নরহরিপুর গ্রামের মৃত অহিদুর রহমানের ছেলে।
পরবর্তীতে রাত প্রায় সাড়ে ১২টায় পোমগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য এমরান (২০) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাপাতি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সে দক্ষিণ ঝলম ইউনিয়নের বচৈড় গ্রামের বাসিন্দা এবং বারেকের ছেলে।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র জানান, আটককৃতদের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি ও দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
