ভুটান নারী ফুটবল লিগ

মারিয়া মান্দার ৮ গোল, শামসুন্নাহার ৪ গোল: থিম্পুর ২৩-০ গোলের জয়

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৩:৫৯

ভুটান নারী ফুটবল লিগে থিম্পু এফসি গোল বন্যা বইয়ে দিয়েছে, প্রতিপক্ষ গেলেফু সিটিকে ২৩-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে। বাংলাদেশের দুই ফুটবলার মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র এই বড় জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

ম্যাচে মারিয়া মান্দা একাই করেছেন ৮ গোল, যার সুবাদে তিনি ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন। নিজের পারফরম্যান্সে উচ্ছ্বসিত মারিয়া বলেন, ‘নিজেও অনেক গোল করেছি, দলও জিতেছে, আবার ম্যাচসেরাও হয়েছি—সব মিলিয়ে ভালোই লাগছে।’

অন্যদিকে শামসুন্নাহার করেছেন ৪ গোল—হ্যাটট্রিকসহ, যা দলের জয়কে আরও বড় করেছে। এই দুজনের সম্মিলিত গোল সংখ্যা ১২।

থিম্পু এফসির হয়ে খেলছেন বাংলাদেশের আরও এক তারকা ফুটবলার সানজিদা আখতার, তবে তিনি বর্তমানে ঢাকায় কোচিং কোর্সে অংশ নিতে এসে এই ম্যাচে অংশ নিতে পারেননি।

এর আগে, একই লিগে সাবিনা ও ঋতুপর্ণার পারো এফসি ২২-০ গোলের জয় পেয়েছিল। আজকের ম্যাচে সেই রেকর্ডও ছাপিয়ে গেল থিম্পু এফসি।

ভুটান নারী লিগে বাংলাদেশের নারী ফুটবলারদের এই দাপুটে পারফরম্যান্স দেশীয় ফুটবলে গর্বের জায়গা তৈরি করছে, একইসাথে বিদেশি লিগে নিজেদের সক্ষমতাও তুলে ধরছে।

ইত্তেফাক/এএম