হাসপাতাল বেড থেকে খেলার মাঠ, নিজেকে নিয়ে বই লিখতে চান বনমাতি

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৫:৩৩

পুরুষদের মতো নারী ফুটবলের ইউরোপের অন্যতম শক্তিশালী দল স্পেন। তবে স্প্যানিশ নারী দলের নেই কোনো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা। এবার ইতিহাসের প্রথমবারের মতো ইউরোপের রাণীর মুকুট পরা থেকে এক পা দূরে বনমাতি-এন্থের গঞ্জালেজরা।

বুধবার রাতে নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে জার্মানির বিপক্ষে মাঠে নামে স্পেন। নির্ধারিত সময় গোল শূন্য ড্র হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে বাজিমাত করে স্প্যানিশ মেয়েরা। ১১৩তম মিনিটে আইতানা বনমাতির গোল জয়ের বন্দরে পৌঁছে যায় স্পেন। উল্লাসে ফেটে পড়েন স্প্যানিশ মেয়েরা। গ্যালারিতে গর্জন তোলেন সমর্থকরা। এই বাঁধভাঙা উল্লাস প্রথমবারের মতো জার্মান দুর্গ ভেদ করা এবং প্রথমবারের মতো নারী ইউরোর ফাইনালে খেলার যোগ্যতা অর্জনের উল্লাস। 

জার্মানির বিপক্ষে গোল করে দলকে জয় এনে দেওয়া বনমাতি সবার মধ্যমণি। অথচ ইউরোপ ফুটবলের সবচেয়ে বড় আসরে খেলতে পারবেন কিনা, টুর্নামেন্ট শুরুর কয়েক দিন আগেও জানতেন না তিনি। মেনিনজাইটিসের রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে রাত কাটাতে হয়েছে সময়ের অন্যতম এই নারী মিডফিল্ডারকে। মেনিনজাইটিস হচ্ছে, মস্তিষ্ক এবং মেরুদণ্ডের চারপাশে রক্ষাকারী ঝিল্লির প্রদাহ। মূলত ব্যাকটেরিয়া, ভাইরাস ছত্রাক থেকে এই রোগের উৎপত্তি। 

তবে নিজের শক্ত মনোবল কাজে লাগিয়ে আবারও মাঠে ফিরেছেন। গোল করে দলকে নিয়ে গিয়েছেন ইতিহাস গড়া ফাইনালে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দুইবারের ব্যালন ডি'অর জয়ী তারকার কাছে হাসপাতাল বেড থেকে মাঠে ফেরার গল্প জানতে চাওয়া হলে তিনি বলেন, 'আমি এটি নিয়ে একটি বই লিখতে পারি।' নিজের সঙ্গে যুদ্ধ করে নিজের আত্মবিশ্বাস এবং দেশপ্রেম থেকে মাঠে ফেরার লড়াই চালিয়েছেন তিনি।

এছাড়াও প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা নিয়ে ২৭ বছর এই তারকা মিডফিল্ডার বলেন, 'আজ আমার মনে হচ্ছে আমরা আবার ইতিহাস রচনা করেছি। প্রথমবারের মতো আমরা নারী ইউরোর ফাইনালে উঠতে পেরেছি এবং জার্মানিকে হারাতে পেরেছি, যা আমরা অতীতে কখনো করতে পারিনি।'

অন্যদিকে প্রথম সেমিফাইনালে ইতালিকে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এর আগে ২০২৩ সালে এই ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছে স্প্যানিশ মেয়েরা। টুর্নামেন্ট ভিন্ন হলেও প্রতিপক্ষ একই। রোববার রাতে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল নিয়ে বানমাতি বলেন, 'আজ আমরা জয় উপভোগ করবো। আগামীকাল আমরা ইংল্যান্ডের কথা ভাববো।'

ইত্তেফাক/জেডএইচ