চট্টগ্রাম ওয়াসার এমডি নিয়োগে প্রথমবারের মতো বিজ্ঞপ্তি

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৪:১০

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের জন্য দীর্ঘ ১৪ বছর পর প্রথমবারের মতো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তার আগে কোনো প্রতিযোগিতা বা বিজ্ঞপ্তি ছাড়াই এই পদে নিয়োগ দেওয়া হতো।

চলতি বছরের গত ২৪ মার্চ প্রথম বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও, পরবর্তীতে কয়েকটি সংশোধিত বিজ্ঞপ্তি বাতিল করে বৃহস্পতিবার (২৪ জুলাই) নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

২০১১ সালে এমডি পদটি তৈরি হওয়ার পর দায়িত্ব পান এ কে এম ফজলুল্লাহ। তারপর থেকে একটানা দায়িত্ব পালন করে আসছিলেন।

অভিযোগ রয়েছে, তার ১৪ বছরের মেয়াদে কোনো প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি, প্রায় প্রতিবছরই পানির দাম বাড়ানো হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগও উঠেছিল। ২০২০ সালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে হাইকোর্ট পদক্ষেপ জানতে চান, এরপর ওয়াসা ভবনে রহস্যজনক আগুন লাগে এবং গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত এ কে এম ফজলুল্লাহকে গত বছরের ৩০ অক্টোবর দায়িত্ব থেকে সরিয়ে দেয়। এরপর থেকেই মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত কর্মসম্পাদন সহায়তা কমিটি এমডি পদে যোগ্য লোক খুঁজতে শুরু করে।

এমডির পদটি ওয়াসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সংস্থার নকশা, উন্নয়ন, অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামোর তদারকি করে এবং গ্রাহকের কাছে প্রাথমিকভাবে এমডিই দায়বদ্ধ থাকেন।

ইত্তেফাক/এমএএস