সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা তৌফিক ওমর তানভীরকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নগরীর মদিনা মার্কেট বিদ্যানিকেতন স্কুলের পাশে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত তানভীর বৈছাআ সিলেট মহানগরের সংগঠক।
এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মারুফ আহমেদ (১৮) নামের ওই যুবককে আটক করা হয়।
আটক মারুফ সিলেট মহানগরের আখালিয়া এলাকার নোয়াপাড়ার ১/৪ নম্বর বাসার আনসার আলীর ছেলে।
আটকের বিষয়টি শুক্রবার সকালে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আহত তানভীরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, 'ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।'
এদিকে, শুক্রবার বিকেলে এনসিপির 'জুলাই পদযাত্রা' নিয়ে সিলেটে আসছে দলটি। বিকেলে সিলেট শহীদ মিনারে সমাবেশ করার কথা রয়েছে।
