পাবনার চাটমোহরে মাছ ধরার সময় একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে প্রায় দেড় হাজার বছরের পুরনো একটি বিষ্ণুমূর্তি।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাজগ্রাম এলাকায় এ প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি জেলেদের জালে উঠে আসে।
জানা যায়, স্থানীয় বাসিন্দা লোকমান হোসেনের পুকুরে মাছ ধরার সময় হঠাৎ জালে ধরা পড়ে কালো পাথরের তৈরি একটি বিষ্ণুমূর্তি। খবর পেয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মূর্তিটি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা আগামী রবিবার এসে এটি গ্রহণ করবেন।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি প্রায় ১,৫০০ বছর আগের বিষ্ণুমূর্তি। এটি চাটমোহরের ইতিহাস-ঐতিহ্য বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে।
স্থানীয়দের মধ্যে মূর্তি উদ্ধারের পর ব্যাপক আগ্রহ ও কৌতূহল দেখা দেয়। অনেকে ধারণা করছেন, এলাকাটি প্রাচীন সভ্যতা বা হিন্দু সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে।
প্রত্নতত্ত্ববিদরা মনে করছেন, এই ধরনের আবিষ্কার একটি অঞ্চলের সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব অনুধাবনে বিশেষ সহায়তা করে। দ্রুত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দল এসে পরীক্ষা-নিরীক্ষার পর মূর্তিটির বিস্তারিত তথ্য ও মূল্য প্রকাশ করা হবে।
