ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট আরেকটি ব্যতিক্রমী ইনিংস খেলে নিজের নাম তুলেছেন ইতিহাসের পাতায়। ভারতের বিপক্ষে চলমান টেস্টে ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে তিনি পেছনে ফেলেছেন রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে, উঠে এসেছেন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে।
২৪৮ বলের ইনিংসে ১৪টি চার মেরে ১৫০ রান করার পর তিনি আউট হন রবীন্দ্র জাদেজার বলে। এই ইনিংসের মাধ্যমে রুটের মোট রান দাঁড়িয়েছে ১৩,৪০৯। তার উপরে এখন আছেন শুধু শচীন টেন্ডুলকার, যার রান সংখ্যা ১৫,৯২১। অর্থাৎ, রুটের টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে দরকার আর মাত্র ২,৫১২ রান।
আজ তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪৪ রান সংগ্রহ করেছে। ভারতের প্রথম ইনিংস থেকে ১৮৬ রানে এগিয়ে রয়েছে বেন স্টোকসের নেতৃত্বাধীন দল। স্টোকস নিজে এখনও উইকেটে রয়েছেন, তিনি করেছেন ১৩৪ বলে ৭৭ রান (৬ চার)। তার সঙ্গে অপরপ্রান্তে রয়েছেন লিয়াম ডসন (২১ রান)।
তৃতীয় দিনের খেলা শুরুর সময় ইংল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ২২৫। রুট মাত্র ১১ রান নিয়ে দিন শুরু করে পৌঁছে যান সেঞ্চুরিতে এবং সেখান থেকে ১৫০ পর্যন্ত যান অনায়াসে। তৃতীয় উইকেটে ওলি পোপের সঙ্গে গড়েন ১৪৪ রানের জুটি, পঞ্চম উইকেটে স্টোকসের সঙ্গে যোগ করেন ১৪২ রান। এই ইনিংসটি ছিল রুটের ৩৮তম টেস্ট সেঞ্চুরি।
ভারতের পক্ষে সফল ছিলেন স্পিনার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর, দুজনেই নিয়েছেন দুটি করে উইকেট। কিন্তু ইংলিশ ব্যাটারদের ধারাবাহিক চাপের সামনে তারা ছিলেন বেশ চাপে।
