গত দুই সপ্তাহ ধরে গুঞ্জন ছিল লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগ দেবেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে এক বছরের জন্য ধারে মায়ামিতে যোগ দিয়েছেন ডি পল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এমএলএসের ক্লাবটি।
প্রাথমিকভাবে মায়ামি ও ডি পলের চুক্তিটা এক বছরের লোনে। তবে ২০২৬ সালে তা স্থায়ী করার সুযোগ রাখা হয়েছে। আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী এই তারকাকে দলে পেয়ে রোমাঞ্চিত মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘রদ্রিগো এমন এক খেলোয়াড়, অনেক বছর ধরে আমি যার প্রশংসা করে আসছি। যে দলের হয়েই সে খেলেছে, তাদের জন্য অনেক কিছু এনেছে– বিশেষ করে আর্জেন্টিনার জন্য। আমাদের দলেও সে অভিজ্ঞতা, আবেগ ও গুণমান যোগ করবে। মায়ামি ও এমএলএসে আরও একজন বিশ্বকাপজয়ী তারকাকে স্বাগত জানাতে আমি উত্তেজনাবোধ করছি।’
মায়ামির আনুষ্ঠানিক ঘোষণার আগেই অ্যাতলেটিকো মাদ্রিদ ডি পলকে বিদায় জানিয়ে পোস্ট করেছে এক্স অ্যাকাউন্টে। এই আর্জেন্টাইন তারকা চার বছর খেলেছেন স্প্যানিশ ক্লাবটিতে। দিয়েগো সিমিওনের অধীনে ডি পল ১৮৭ ম্যাচে ১৪ গোল ও ২৬ অ্যাসিস্ট করেছেন। এক বিবৃতিতে অ্যাতলেটিকো জানিয়েছে, ‘ব্যক্তিগত ও পেশাদার ভবিষ্যতের জন্য আমরা রদ্রিগো ডি পলকে শুভকামনা জানাচ্ছি।’
মায়ামিতে যোগদানে অবশ্য পারিশ্রমিকের অঙ্কটাও কম নয় আর্জেন্টাইন তারকার। গণমাধ্যমের তথ্যমতে, এই মিডফিল্ডারের দলবদল মূল্য ১৮ মিলিয়ন ডলার ধরা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০৭ কোটি ৪৬ লাখ টাকা। যদিও এমএলএসের নিয়ম মেনে মায়ামি কীভাবে এত অর্থ ব্যয় করছে সেই প্রশ্নও উঠতে পারে।

