রোনালদোর ব্যক্তিত্ব অতুলনীয়: আল নাসর কোচ

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৭:০০

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্তমান বয়স ৪০। তবুও মাঠে টগবগে তরুণের মতো বল নিয়ে দাপিয়ে বেড়ান। গোল করেন, দলকে জেতান। দারুণ সম্ভাবনা নিয়ে ২০২৩ সালে ইউরোপ ছেড়ে সৌদি ক্লাব আল নাসরে এসেছেন রোনালদো। দুই মৌসুম শেষে ক্লাবটির হয়ে কোনো বড় শিরোপা জিততে পারেননি। 

তবুও পর্তুগিজ মহাতারকাকে 'বিশ্বের অতুলনীয় ব্যক্তিত্ব' হিসেবে আখ্যায়িত করেছেন সদ্য আল নাসরের দায়িত্ব নেওয়া জর্জ জেসুস। পর্তুগিজ কোচের এমন মন্তব্যের কারণ, মাঠে এবং মাঠের বাইরে রোনালদোর অসাধারণ ব্যক্তিত্ব এবং তার অদম্য মনোবল।

সম্প্রতি নিজ দেশ পর্তুগালে এক অনুষ্ঠানে আল নাসর কোচ জানিয়েছেন, ৪০ বছর বয়সে রোনালদোর ফুটবল খেলা চালিয়ে যাওয়া তাকে অবাক করে। তিনি বলেন, 'এটি একটি ক্রীড়া চ্যালেঞ্জ। জৈবিক বয়সেও রোনালদো আলাদা। যার কারণে তার বয়স ৪০ হলেও এখনো খেলছে। ফুটবলের বাইরে আমরা দুজনেরই চিন্তা-ভবনা একই রকম। আমার বয়স ৭০, কিন্তু আমার মানসিক এবং শারীরিক জীবনে আমি তা অনুভব করি না। রোনালদো একজন বিশ্বব্যাপী ব্যক্তিত্ব। পর্তুগালে রোনালদোকে কীভাবে মূল্য দেওয়া যায় তা আমরা জানি না।'

আল নাসর কোচ জর্জ জেসুস।

এছাড়াও তিনি জানান, রোনালদো না চাইলে আল নাসরের কোচ হতে পারবেন না তিনি। সৌদি আরবে রোনালদোকে শিরোপা জেতাতে তিনি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। জেসুস বলেন, 'তার আমন্ত্রণ ছাড়া, আমি অবশ্যই সেখানে (আল-নাসরের কোচ) থাকতাম না। অনুপ্রেরণা দুর্দান্ত হবে।'

ইত্তেফাক/জেডএইচ