লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি দখলে বাধা দেওয়ায় আছিয়া বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা কৈমারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আছিয়া বেওয়া ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী। হামলায় নিহতের পরিবারের আরও চারজন আহত হয়েছেন। তাদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের ছেলে দলিল উদ্দিন জানান, ‘আমাদের তিন বিঘা জমির মধ্যে একটি বসতভিটা রয়েছে। দীর্ঘদিন ধরে চাচাতো ভাই আতিয়ার রহমান, মতিয়ার রহমান ও রেজাউল ইসলাম আমাদের প্রায় ৪০ শতক জমির মালিকানা দাবি করে আসছিলেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও তারা মেনে নেয়নি। শনিবার সকালে তারা লোকজন নিয়ে ট্রাক্টর দিয়ে জোর করে জমি চাষ করতে আসে। আমরা বাধা দিলে তারা দলবলসহ আমাদের ওপর হামলা চালায়।’
তিনি আরও জানান, ‘আমার মা আছিয়া বেওয়া জমি রক্ষায় সামনে এগিয়ে গেলে তাকে মারধর ও গলাধাক্কা দেওয়া হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।’
স্থানীয়রা জানান, জমিটি দীর্ঘদিন ধরে আছিয়া বেওয়া ও তার দুই ছেলে ভোগদখলে রেখেছিলেন। জমি নিয়ে বিরোধ দীর্ঘদিন ধরেই চলে আসছিল। শনিবার সকালে প্রতিপক্ষের লোকজন হঠাৎ দখল নিতে গেলে সংঘর্ষ বাধে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।’
