৫২ ম্যাচে ৫৪ গোল করা ইয়োকেরেস এখন আর্সেনালের 

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১২:০৭

বেশ কয়েক দিন ধরে চলছিল আলোচনা। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এল। ২০২৪–২৫ মৌসুমে স্পোর্টিং লিসবনের হয়ে ৫২ ম্যাচে ৫৪ গোল করা ভিক্টর ইয়োকেরেস নাম লিখিয়েছেন আর্সেনালে। পাঁচ বছরের চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাবটি। 

নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম পেজগুলোয় ইয়োকেরেসকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে আর্সেনাল।  চুক্তিপত্রে সইয়ের ছবি সংযুক্ত করে বিবৃতিতে ইংলিশ ক্লাবটি জানিয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে সুইডিশ আন্তর্জাতিক খেলোয়াড় ভিক্টর ইয়োকেরেস আমাদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে স্বাক্ষর করেছেন।’

ট্রান্সফারমার্কেট জানিয়েছে, ইয়োকেরেসের সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে আর্সেনাল। পাঁচ বছরের জন্য এই স্ট্রাইকারকে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের কাছ থেকে ছাড়িয়ে নিতে গানারদের দিতে হচ্ছে ৭ কোটি ৩৫ লাখ ইউরো (১ হাজার ৫৩ কোটি ৮৪ লাখ টাকা)।

এর মধ্যে চূড়ান্ত চুক্তিতে প্রাথমিক ফি হিসেবে দিতে হবে ৬ কোটি ৩৫ লাখ ইউরো (৯১০ কোটি ৪৬ লাখ টাকা), বাকি ১ কোটি ইউরো (১৪৩ কোটি ৩৮ লাখ ইউরো) পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বোনাস হিসেবে দেওয়া হবে।

May be an image of 1 person, playing football, playing American football and text that says "IT NDA GYOKERES 14 ક"

২০২৫–২৬ মৌসুম শুরুর আগে এ নিয়ে ছয় ফুটবলার কিনলো আর্সেনাল। ক্লাবটি ইয়োকেরেসের আগে দলে ভিড়িয়েছে ডিফেন্ডার ক্রিস্তিয়ান মোস্কেরা, মিডফিল্ডার মার্টিন জুবিমেন্দি, গোলকিপার কেপা আরিজাবালাগা, ফরোয়ার্ড নোনি মাদুয়েকে ও মিডফিল্ডার ক্রিস্টিয়ান নরগার্ডকে। তাদের পেছনে ২৩ কোটি ৩৩ লাখ ৩৫ হাজার ইউরো (৩ হাজার ৩৫৬ কোটি ২২ লাখ ৬৩ হাজার টাকা) খরচ করে ফেলেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

আর্সেনালে যোগ দিয়ে বেশ ইয়োকেরেস। তিনি বলেন, ‘গত মৌসুমে আমি যখন আর্সেনালের বিপক্ষে খেলি, তখন আমার সত্যিই মনে হয়েছে, এটি খুব শক্তিশালী দল এবং তাদের বিপক্ষে খেলা খুব কঠিন। এটাই আমাকে এই ক্লাব বেছে নিতে বাধ্য করেছে। এ ছাড়া ক্লাবটির ঐতিহ্য এবং বিশাল সমর্থকগোষ্ঠী তো আছেই।’

May be an image of ‎1 person, playing football, playing American football and ‎text that says "‎minte il -שח مصه VISBA VISH miate‎"‎‎

আর্সেনালের জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান জানিয়ে এই সুইডিশ ফুটবলার বলেন, ‘আমার মনে হয় আমি অনেক উন্নতি করেছি। এখন আমি নিজেকে সত্যিকার অর্থেই প্রমাণ করতে চাই এবং দলের জন্য পারফর্ম করতে চাই। আমি সব সময় গোল করতে চাই। এই ক্লাবের জার্সি পরে সব সমর্থকের সামনে গোল করতে তর সইছে না। এটা অসাধারণ এক অনুভূতি হবে।’

ইয়োকেরেসকে দলে ভিড়িয়ে বেশ খুশি আর্সেনাল বস মিকেল আর্তেতা। তিনি বলেন, ‘আমরা ভিক্টর ইয়োকেরেসকে ক্লাবে স্বাগত জানাতে পেরে খুবই আনন্দিত। পারফরম্যান্সের ক্ষেত্রে সে যে ধারাবাহিকতা দেখিয়েছে, তা অসাধারণ। গোলে অবদানের পরিসংখ্যান ওর পক্ষেই কথা বলে। ওর অনেক গুণ। সে দ্রুত ও শক্তিশালী। ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে গোল করার সক্ষমতা অবিশ্বাস্য। ওর সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

ইত্তেফাক/জেডএইচ