ভারতীয় ফুটবল ফেডারেশনকে বোকা বানালেন এক তরুণ

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৩:২৭

জাতীয় দলের জন্য কোচ খুঁজছে ভারত। সব মিলিয়ে ১৭০ কোচ আবেদন করেছেন ভারতীয় ফুটবলের দায়িত্ব নিতে। বৃহস্পতিবার রাতে [email protected]থেকে একটি মেইল আসে ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে, যা দেখে সকলের চক্ষু চড়কগাছ! দেশটির ফুটবল ফেডারেশনের দাবি, বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজ ভারত জাতীয় দলের দায়িত্ব নিয়ে আবেদন করেছেন।

জাভির আবেদনের বিষয়ে এআইএফএফের জাতীয় দলের পরিচালক সুব্রত পল জানিয়েছিলেন, 'এটা ঠিক যে জাভির নাম সেখানে ছিল। আবেদনটি এআইএফএফকে ইমেল করা হয়েছিল।' এছাড়াও এআইএফএফের টেকনিক্যাল কমিটির এক সদস্য টাইমস অব ইন্ডিয়াকে বলেছিলেন, 'জাভি ভারতীয় ফুটবলে দায়িত্ব নিতে চাইলেও, তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হতো। যা এই মুহূর্তে আমাদের নেই।' 

বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজ।

সাবেক বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজ ভারতীয় জাতীয় দলের কোচ হতে আবেদন করেছে, ভারতীয় সংবাদমাধ্যম থেকে বিশ্ব মিডিয়ায় মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়ে। যা জাভির কানেও পৌঁছে যায়। জাভির ঘনিষ্ঠদের সূত্রে বার্সা টাইমস এক পোস্টে জানিয়ে, ভারতীয় কোচ হতে কোনো আবেদন করেননি সাবেক এই বার্সা কোচ। এমনকি এই বিষয়ে কিছুই জানেন না তিনি। তারা বিশ্বাস করেন যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইচ্ছাকৃতভাবে তার (জাভি) নাম ব্যবহার করে নতুন ম্যানেজারের খোঁজতে এমন ভুয়া নাটক সাজিয়েছে।

এছাড়াও জনপ্রিয় ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছেন, জাভি বার্সা কোচ হতে কোনো আবেদন করেননি এবং জাভি হার্নান্দেজ এবং ইন্ডিয়ান ফেডারেশনের মধ্যে কোনো আলোচনা হয়নি।

অন্যদিকে গতকাল ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস, জাভির আবেদন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদেন বলা হয়েছে, ভারতীয় কোচ হতে জাভি নয়, বরং ১৯ বছর বয়সী এক তরুণ জাভি হার্নান্দেজের নাম ব্যবহার করেও ভুয়া মেইল পাঠিয়েছে।

ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে বোকা বানিয়েছেন সেই তরুণ। যদিও সেই তরুণের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি সেই প্রতিবেদনে। জাভির ভুয়া আবেদন নিয়ে বৈঠক করেছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কর্তারা। তবে ভুয়া আবেদনকারী তরুণের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, সেই বিষয়ে কিছুই জানাননি এআইএফএফ।

শুধু জাভি একা নন, ভারতীয় দলের কোচ হতে আবেদনের তালিকায় ছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার নামও। টিওআই অনুসারে, এই পদের জন্য অন্যান্য আবেদনকারীদের মধ্যে রয়েছেন ভারতের সাবেক কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন, ইলকো শ্যাটোরি, লিভারপুলের কিংবদন্তি হ্যারি কেওয়েল, স্লোভাকিয়ার স্টেফা তারকোভিচ, খালিদ জামিল, ব্ল‍্যাকবার্নের সাবেক কোচ কিবু ভিকুনা স্টিভ কিন। 

কোচ হওয়ার জন্য আবেদন করা ১৭০ জনের সংক্ষিপ্ত তালিকা করা হবে পহেলা আগস্টে। যেখানে ভারতের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ইংলিশ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন, সাবেক ভারতীয় ফুটবলার খালিদ জামিল ও স্লোভাকিয়ার কোচ স্টেফা তারকোভিচ। যদিও স্টিফেন কনস্ট্যান্টাইন ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতীয় দলের দায়িত্ব পালন করছেন এবং সর্বশেষ পাকিস্তান জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন তিনি।

ইত্তেফাক/জেডএইচ