নওয়াপাড়ায় বোমা হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট ও আল্টিমেটাম

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৬:৪২

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান নওয়াপাড়া গ্রুপের প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা ও ককটেল হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরের নওয়াপাড়ায় অর্ধদিবস ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল থেকে স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও সর্বস্তরের মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতারা অভিযোগ করেন, ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও এখনো হামলাকারীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর প্রতিবাদে তারা তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন। দাবি আদায় না হলে সকল ব্যবসা-বাণিজ্য বন্ধ করে অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আব্দুল আওয়াল হোসেন। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা। এছাড়া স্থানীয় রাজনীতিবিদ, আমদানিকারক, রফতানিকারক, শ্রমিক ও সাধারণ মানুষ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।

বক্তারা জানান, গত ১৮ জুলাই ভোরে চারজন দুর্বৃত্ত যশোরের নওয়াপাড়া বাজারে অবস্থিত নওয়াপাড়া গ্রুপের প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে। তারা দাবি করেন, এটি পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা, যার লক্ষ্য ছিল নওয়াপাড়ার ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়ানো।

বিক্ষোভে বক্তারা প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তিন দিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনের দিকে যাব আমরা।

ইত্তেফাক/এএইচপি