সিরাজগঞ্জের রায়গঞ্জে স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৭:১২

সিরাজগঞ্জের রায়গঞ্জে কবিতা নাগ (৫০) নামের এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কবিতা নাগ উপজেলার চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

রোববার (২৭ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা নাগ পাড়ায় নিহত কবিতা নাগ তার স্বামী আকাশ বিশ্বাস ও ছোট মেয়ে বর্ষা নাগকে নিয়ে বসবাস করতেন। শনিবার (২৬ জুলাই) রাতে একসাথে রাতের  খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে কবিতা। ভোরে কবিতাকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বারান্দায় গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে তারা।

নিহতের স্বামী আকাশ বিশ্বাস জানান, ‘কবিতা বেশ কয়েকদিন ধরে হতাশাগ্রস্ত ছিলও। সে মাঝেমধ্যেই আত্মহত্যা করতে চাইতো। এমনকি সে তার স্কুলের পিয়ন কামরুল ইসলামকে দিয়ে আত্মহত্যার জন্য গত ১৬ জুলাই কীটনাশক ক্রয় করতে পাঠিয়ে ছিলেন।’

চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদুল হাসান বলেন, ‘গত ১৬ জুলাই কবিতা ম্যাডাম হতাশাগ্রস্ত থাকায়, কারণ জিজ্ঞেস করলে তিনি পারিবারিক কলহের বিষয়টি নিশ্চিত করেন। ওইদিনই তিনি  স্কুলের পিয়নকে দিয়ে কীটনাশক ক্রয় করার জন্য পাঠিয়েছিলেন। এ ঘটনায় আমরা তার পরিবারকে অবহিত করেছিলাম। একথা জানার পরও কেন পরিবারের পক্ষ থেকে প্রতিকার মূলক ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।’

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম মাসুদ রানা জানান, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, ‘ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

এদিকে স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যুর ঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে নানা গুঞ্জন।

ইত্তেফাক/এমএস