বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) খণ্ডকালীন সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) চেয়ারম্যান ড. মো. সবুর খান।
সম্প্রতি এপিইউবি সেক্রেটারিয়েটের পরিচালক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) হলো একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা, যা বাংলাদেশের উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান (HEIs) ও তাদের অ্যাকাডেমিক প্রোগ্রামসমূহকে স্বীকৃতি প্রদান করে।
এই মনোনয়ন এপিইউবি সদস্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এক গৌরবময় অর্জন এবং তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে সদস্য বিশ্ববিদ্যালয়সমূহ স্বীকৃতিদান প্রক্রিয়া, নীতি-নির্ধারণ, মানোন্নয়ন ও কমপ্লায়েন্স বিষয়ে সময়োপযোগী পরামর্শ ও দিকনির্দেশনা পেতে সক্ষম হবে। পাশাপাশি, এপিইউবি জাতীয় মান নিশ্চয়তা নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে তাদের সম্মিলিত সুপারিশ ও নীতিগত প্রস্তাবনা সরাসরি কাউন্সিলের কাছে উপস্থাপন করতে পারবে, যা এপিইউবি-র ভূমিকা ও প্রতিনিধিত্বকে আরও সুদৃঢ় করবে।

