পাবনায় দিনদুপুরে নিজের বাড়িতে প্রবীণ অধ্যাপককে কোপাল দুর্বৃত্তরা

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৮:৫৪

পাবনা পৌর শহরের কালাচাঁদপাড়ায় নিজের বাড়িতে প্রবীণ অধ্যাপক জওহরলাল বসাক তুলশীকে (৭৭) কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৭ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত জওহরলাল বসাক পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। কিন্তু কী কারণে তার ওপর হামলা এবং তার বাড়িতে তছনছ করা হয়েছে, তা জানা যায়নি।

আহত শিক্ষক ও প্রতিবেশীরা জানান, জওহরলাল বসাক তার বাড়িতে একা থাকেন। তার অন্য ভাইয়েরা সুপ্রতিষ্ঠিত এবং তারা দেশের বাইরে থাকেন। দুপুরের দিকে জওহরলাল বসাক বাজার থেকে বাড়িতে প্রবেশ করেন। এ সময় আগে থেকে তার বাড়িতে অবস্থান করছিল দুজন দুর্বৃত্ত। শিক্ষক বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তার মুখ চেপে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে দুর্বৃত্তরা ওই শিক্ষকের আলমারিসহ আসবাব ভাঙচুর ও তছনছ করে চলে যায়। তবে দুর্বৃত্তরা কী কী নিয়ে গেছে, সে বিষয়ে স্পষ্ট করে মুখ খুলছেন না আহত শিক্ষক।

প্রতিবেশীরা বলেন, তিনি দুর্বৃত্তদের চিনতে পেরেছেন- এজন্য ভয়ে কিছু বলছেন না। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। সারাদিন বিষয়টি চাপা ছিল। খবর পেয়ে সন্ধ্যায় সদর থানার পুলিশ আহত শিক্ষকের বাড়িতে যায় এবং তদন্ত শুরু করে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন,  বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জামায়াতে ইসলামীর পাবনা জেলার নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হুসাইন, পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি ও পাবনা চেম্বারের পরিচালক এবিএম ফজলুর রহমান, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির,  ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি সহকারী অধ্যাপক এস. এম. মাহবুব আলম। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, দুইজন ছিনতাইকারী জহরলাল বসাক তুলশীর বাসায় প্রবেশ করে তাকে আঘাতের পর বাসায় আলমারী ও ওয়ারড্রোপ ভেঙে তছনছ করেছে। তার একটি মোবাইল ফোন নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ইত্তেফাক/এপি