গত বছরের ডিসেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর অবশেষে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরিয়ায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরে দেশটিতে সংসদ নির্বাচন হতে যাচ্ছে।
সিরিয়ার ‘পিপলস অ্যাসেম্বলি’ নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত উচ্চ পর্যায়ের কমিটির প্রধান মোহাম্মদ তাহা আল-আহমাদ রোববার (২৭ জুলাই) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা-কে জানিয়েছেন, আগামী ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
খবরে বলা হয়েছে, দেশটির ২১০ আসনের সংসদের এক-তৃতীয়াংশ সরাসরি নিয়োগ দেবেন বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং নির্বাচনের মাধ্যমে বাকি আসনগুলো পূরণ করা হবে।
দেশটির একটি স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থাপনায় কাজ করছে। ওই কমিশনের সদস্য হাসান আল-দাঘিম জানিয়েছেন, নির্বাচিত আসনের জন্য ভোট নিতে প্রতিটি প্রদেশে একটি করে ইলেকটোরাল কলেজ গঠিত হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা ও প্রার্থীদের নিবন্ধন প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। দেশবাসীর অংশগ্রহণ নিশ্চিত করতে নানা সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হবে।
বাশার আল আসাদকে গদি থেকে হটানো গেলেও সিরিয়ার বর্তমান রাজনৈতিক দৃশ্যপট এখনো অস্থির। এমন পরিস্থিতিতে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর কতটা শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে, তা নিয়ে সন্দিহান অনেকে।
