বাংলাদেশি বংশোদ্ভূত কন্যা জিনাত জান্নাত, যুক্তরাষ্ট্রে জন্ম, বেড়ে ওঠা। পেশায় তিনি একজন বক্সার। দেশের বক্সিংয়ে খেলেছেন। ২০২৩ সালে চীনের হাংঝু এশিয়ান গেমস বক্সিংয়ে খেলতে গিয়েও কিছু করতে পারেননি। তবে বিশ্ব জুড়ে এই নারী বক্সার বিভিন্ন টুর্নামেন্টে খেলে বেড়ান। মাত্রই, গেল জুলাই মাসে পর্তুগালে ব্র্যাগো ওপেন বক্সিং আন্তর্জাতিক টুর্নামেন্টের ৫০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জয় করেছিলেন। এটার পরে তাকে নিয়ে ফের শুরু হয়েছিল আলোচনা।
তবে এটাই তার প্রথম কোনো পদক জয়ের ঘটনা নয়, তারও আগে দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বক্সিংয়ে স্বর্ণপদক জয় করেছিলেন এবং পোল্যান্ডে ওমেন্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন জিনাত। কিন্তু বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে সাফল্য না পাওয়া একটা বড় আফসোস রয়েছে এই কন্যার। তাই সে আফসোস কাটাতে বক্সার জিনাত জান্নাত আবার বাংলাদেশে এসেছেন। এবার এসেছেন জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে খেলবেন বলে। আগে কখনো খেলেননি। এবারই প্রথম জাতীয় বক্সিংয়ে খেলবেন বলে ফেডারেশন সূত্রের খবর। গতকাল ঢাকা জাতীয় স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে গিয়েছিলেন জিনাত। তার সঙ্গে কথা বলার জন্য সংবাদমাধ্যমেরও ভিড় ছিল। বক্সিং রিংয়ে নামার আগে কিছু প্রক্রিয়া থাকে সেগুলো সম্পন্ন করেছেন জিনাত।
বাবা বেলায়েত হোসেন, ঢাকার আজীমপুরের ছেলে। মা শাহানাজ ফেরদৌস পাবনার মেয়ে। জিনাত জানিয়েছেন, বাংলাদেশের বক্সিংয়ের জন্য কিছু করতে চান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৯৪ সালে জন্ম তার। বাংলা ভাষায় কথা বলতে পারেন তিনি, তবে লিখতে কিংবা পড়তে পারেন না। তবে তাতে কী আসে যায়? বাবা-মায়ের দেশের প্রতি তার টানের কোনো কমতি নেই। সেই জায়গা থেকেই বাংলাদেশের বক্সিংয়ে যদি কিছু করতে পারেন-তাহলে তার ভালো লাগবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই বক্সার। কীভাবে সহযোগিতা করতে চান-জানতে চাইলে জিনাত বললেন, 'আমার অভিজ্ঞতা রয়েছে। ভালো ভালো জায়গায় খেলার অভিজ্ঞতা রয়েছে। যতটুকু অর্জন করেছি, তার সবটুকু আমি দিতে চাই বাংলাদেশের বক্সারদের। এভাবেই আমি দেশের জন্য কিছু করতে চাই।'
ছোট বেলা থেকে বক্সিংয়ের প্রতি অনুরাগ জিনাত জান্নাতের। তবে প্রতিযোগিতামূলক বক্সিংয়ে এসেছেন ২৭ বছর বয়সে। এখন জিনাতের বয়স ৩১। বিবাহিত। স্বামী মালয়েশিয়ান। তার প্রেরণাই মূলত বক্সিংয়ে নিজেকে এগিয়ে নিচ্ছেন তিনি।
তবে জিনাত শুধু বক্সার নন। তার রয়েছে আরেকটি পরিচয়ও। জিনাত যুক্তরাষ্ট্রে গুগল প্রতিষ্ঠানে ম্যানেজার পদে চাকরি করেন। বাংলাদেশে এবার নিয়ে আট বার এসেছেন। কিন্তু এবারের আসাটা ভিন্ন। বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খান জানিয়েছেন এবার জিনাতকে খেলাতে এনেছে জর্জ ভূঁইয়া গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান। তিনি বলেন, 'জিনাতের আসা-যাওয়া, থাকা-খাওয়ার ব্যয়ভার তারাই বহন করছেন। এই প্রতিষ্ঠানটি জাতীয় বক্সিংয়ের পৃষ্ঠপোষকতা করছে। তাদেরই খেলাধুলা করার জন্য গুডউইল নামে একটি ক্লাব রয়েছে। সেই দলের হয়ে জিনাত এবারই প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলবেন।'

