নিজ জমি থেকে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১৭:১৭

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নিজ পুকুরপাড়ের জমি থেকে তাজুল ইসলাম (৬৫) নামের এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত তাজুল ইসলাম উপজেলার আড়াইসিধা ইউনিয়নের ভবানীপুর জামতলা এলাকার বাসিন্দা এবং আব্দুল আলীর ছেলে।

পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার ভবানীপুর সীমনা নতুন বাড়ির পাশে নিজ পুকুরের পাড়ে থাকা জমি থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়। নিহত তাজুল ইসলাম দুপুরে পুকুরপাড় মেরামতের কাজ করতে বের হন। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরপাড়ে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, নিহতের ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এএইচপি