নোয়াখালীর হাতিয়ার উপকূলীয় মেঘনা নদীতে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার একটি ট্রলার ডুবে যায়। এতে চারজন জেলের মধ্যে দুইজন নিখোঁজ হন। এর মধ্যে উদ্ধার হওয়া মাইনুদ্দিন সাকিব (১৭) ও আরাফাত উদ্দিন (১৮) নামের দুই জেলের মৃত্যু হয়েছে।
নিহত মাইনুদ্দিন সাকিব হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে এবং আরাফাত উদ্দিন একই উপজেলার সুখচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে।
সোমবার (২৮ জুলাই) ভোরে হাতিয়ার সুখচর ইউনিয়নের পশ্চিমাঞ্চলে মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে হাতিয়ার নলচিরা নৌ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মো. ফয়সাল উদ্দিন জানান, খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইনুদ্দিন সাকিবের মরদেহ উদ্ধার করে। তবে আরাফাত উদ্দিন নিখোঁজ ছিলেন। দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা পর স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেন।
উদ্ধার হওয়া অন্য দুই জেলে হলেন আফসার মাঝি (৪০) ও আবদুর রহমান (৩০)। তারা বর্তমানে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে মাছ ধরার উদ্দেশ্যে একটি ছোট ট্রলার মেঘনার মোহনায় অবস্থান করছিল। এ সময় বালুবোঝাই একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি মুহূর্তেই ডুবে যায়। পাশে থাকা অন্য ট্রলারের জেলেরা দ্রুত দুইজনকে উদ্ধার করলেও বাকি দুইজন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে দুজনেরই পরবর্তীতে মরদেহ উদ্ধার করা হয়।
