মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ছাত্র উক্যচিং মারমার পারিবারিক সমাধিতে সোমবার (২৮ জুলাই) দুপুরে বিমান বাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করেছে।
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজপাড়ায় অবস্থিত উক্যচিং মারমার পারিবারিক শ্মশানে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উইং কমান্ডার আব্দুল্লাহ মোহাম্মদ ফারাবি।
প্রতিনিধি দলটি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করে।
গত ২১ জুলাই দুপুর ১টার দিকে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে উক্যচিং মারমা দগ্ধ হন। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শরীরের শতভাগ পুড়ে যাওয়ায় রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
উক্যচিং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন। তার পিতা উসাইমং মারমা রাজস্থলী উপজেলা আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং মা তেজিপ্রু মারমা বান্দরবান রুমা উপজেলার ক্যটেইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। উক্যচিং শিক্ষক দম্পতির একমাত্র সন্তান ছিলেন।
