মহেশপুরে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ২০:৫২

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামের পূর্ব পাড়ায় বড় ভাই উজ্জল হোসেনের ছুরিকাঘাতে ছোট ভাই জামাল (২৬) নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টায় বড় ভাই উজ্জল হোসেন (৩২) ও ছোট ভাই জামাল একই বাড়িতে ভাত খাচ্ছিলেন। এসময় ভাত খাওয়ার ব্যাপারে উজ্জল জামালকে বলেছিলেন, তুই কাজ করিস না, শুধু বসে বসে খাচ্ছিস। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। উত্তেজিত উজ্জল পরপর দুইবার ছোট ভাই জামালের বুকে ও পেটে ছুরি মারে। এতে ঘটনাস্থলেই জামাল রক্তক্ষরণে মারা যান।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিক তদন্তে জানা গেছে, খাওয়া নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই উজ্জল ছুরিকাঘাত করেছে। আমরা সুরতহাল রিপোর্ট তৈরি করছি এবং লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করছি।

ইত্তেফাক/এএইচপি