দৈনিক ইত্তেফাকের বানারীপাড়া উপজেলা সংবাদদাতা এস. মিজানুল ইসলাম (৫৪) সোমবার ভোরে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের ছোট ভাই সাংবাদিক মইনুল ইসলাম জানান, রবিবার বিকেলে বরিশালের বানারীপাড়া পৌরসভাধীন বাড়িতে অবস্থানকালে তিনি শারীরিক অসুস্থতা বোধ করলে দ্রুত তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে স্ট্রোকজনিত রোগ ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য রাতে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ভোরে তার মৃত্যু হয়।
সাংবাদিক এস. মিজানুল ইসলামের মরদেহ প্রথমে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাদ যোহর বানারীপাড়া পৌর এলাকার মাহমুদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে মরদেহ বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হয়।
তার মৃত্যুতে বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বানারীপাড়া উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
