একসঙ্গে ২৫ পুলিশ কর্মকর্তার হাজির হয়েছিলেন বলিউড তারকা আমির খানের মুম্বাইয়ের বান্দ্রার বাসায়। একসঙ্গে এত পুলিশ কেন আমিরের বাসায়- এই নিয়ে বলিপাড়ায় শুরু হয় তোলপাড়।
বলিউড তারকা আমির খানের মুম্বাইয়ের বান্দ্রার বাসায় একসঙ্গে ২৫ জন পুলিশ কর্মকর্তার হাজির হওয়া নিয়ে উঠেছে শোরগোল।
একটি বাস এবং তিনটি জিপে করে পুলিশ কর্মকর্তাদের আমিরের বাসায় ঢোকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে রোববার সন্ধ্যায়। ভিডিও দেখে অনেকে আশঙ্কা করছিলেন, ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির হয়ত কোনো বিতর্কে জড়িয়ে পড়েছেন।
সোশাল মিডিয়ায় এই ঘটনার নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা তৈরি হলেও অভিনেতার সিনেমা টিম এক বিবৃতিতে আমিরের বাড়িতে পুলিশ কর্মকর্তাদের যাওয়ার কারণ ব্যাখ্যা করেছে।
সিনেমা টিমের বিবৃতিতে বলা হয়েছে, হায়দরাবাদের সরদার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত একদল আইপিএস কর্মকর্তা মুম্বাই সফরে এসেছিলেন।
সফরের অংশ হিসেবেই পুলিশ কর্মকর্তাদের ওই দলটি আমির খানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সেই অনুরোধে সাড়া দিয়ে আমির তাদেরকে নিজের বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন। সামাজিক পরিবর্তনে চলচ্চিত্রের প্রভাব এবং সেই বিষয়ে আমিরের অভিজ্ঞতা জানতেই এই সাক্ষাৎকারের আয়োজন করেছে পুলিশ প্রশাসন।
তিন বছর ধরে পর্দার বাইরে থাকার পর কিছুদিন আগে ‘সিতারে জামিন পার’ দিয়ে অভিনয়ে ফিরেছেন আমির খান। এস প্রসন্ন পরিচালিত এই সিনেমায় বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন আমির খান। মুক্তির আগে নানা শঙ্কা থাকলেও, সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যব্সা করেছে।
