পুকুর পাড়ে মিললো চালকের মরদেহ, সঙ্গে থাকা ভ্যান উধাও

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৬:০৮

রংপুরের তারাগঞ্জে বাবু মিয়া (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) ঘনিরামপুর বুড়াপীর ডাঙ্গা এলাকায় পুকুর পাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে সোমবার রাত ১০টার দিকে বাবু মিয়া তার বাবার ভাড়াখাটা ভ্যানগাড়ি নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

নিহত বাবু মিয়া সয়ার ইউনিয়নের চালচারলিয়া বুড়িরহাট এলাকার বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।

বাবু মিয়ার পরিবার জানান, সোমবার রাত ১০টার দিকে বাবু মিয়া তার বাবার ভ্যানগাড়ি নিয়ে বের হন, কিন্তু গভীর রাত পর্যন্ত তিনি আর বাড়ি ফেরেননি। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, ঘনিরামপুর বুড়াপীর ডাঙ্গা এলাকার একটি পুকুরপাড়ে এক যুবকের মরদেহ পড়ে আছে। শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ছেলেকে শনাক্ত করেন। এ সময় তার শরীরে আঘাতে চিহৃ দেখা গেছে। তবে তার সঙ্গে থাকা ভ্যানগাড়িটির হদিস মেলেনি।

স্থানীয়রা ধারণা করছেন, দুর্বৃত্তরা ভ্যান ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বাবুকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। মরদেহের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

তারাগঞ্জ  থানা অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে। 

ইত্তেফাক/এপি