ঢাকা স্টেডিয়ামে ফিরতে চায় মোহামেডান

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৬:১০

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব আর কুমিল্লায় খেলতে যেতে রাজি না। এবার তারা ঢাকায় খেলতে চায়। আগামী প্রিমিয়ার লিগের ঢাকায় ভেন্যু চেয়েছে মোহামেডান। ঢাকা স্টেডিয়ামে খেলার জন্য আবেদন করেছে। ঢাকা স্টেডিয়াম পাবে কি পাবে না-সেটি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে ঢাকা স্টেডিয়ামে ভেন্যু চেয়ে লিগ কমিটির কাছে একমাত্র মোহামেডানই আবেদন করেছে। অন্যান্য ক্লাব এখনও চিঠি দেয়নি। 

ঢাকা স্টেডিয়াম নতুন রূপে সাজানো হয়েছে। এখানে এখনো স্থানীয় ফুটবল খেলা হয়নি। প্রায় ৫ বছর লাগিয়ে ঢিমেতালে সংস্কারের পর ৪ জুন ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হয়েছে। ১০ জুন এশিয়ান কাপের ম্যাচে বাংলাদেশ-সিঙ্গাপুর খেলেছে।

প্রিমিয়ার ফুটবল লিগে গতবার দেশের ৫ ভেন্যুতে খেলা হয়েছে। এবার আরও দুই ভেন্যু বাড়ানো হয়েছে। নতুন ভেন্যু হচ্ছে মানিকগঞ্জ এবং রাজশাহী। রাজশাহীতে আগেও খেলা হয়েছে। গতকাল লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে আবার রাজশাহীতে ভেন্যু করার সিদ্ধান্ত হয়েছে। আগের ৫ ভেন্যুর মধ্যে ময়মনসিংহ, মুন্সীগঞ্জ, গাজীপুর, কুমিল্লা এবং বসুন্ধরা কিংস অ্যারেনা। এই ৫ ভেন্যুর সঙ্গে দুই বাড়লে ৭ ভেন্যুতে হবে লিগের

খেলা। গতকাল বাফুফের লিগ কমিটি সিদ্ধান্ত নিয়েছে ভেন্যুগুলোর নাম সব ক্লাবগুলোকে পাঠিয়ে দেবে। ক্লাবগুলো তাদের পছন্দ মতো ভেন্যু নির্ধারণ করে লিগ কমিটির কাছে আবেদন করবে। তার আগে ক্লাবগুলোর কাছে লিগ কমিটির পরামর্শ তারা যেন ভেন্যুগুলোতে সরেজমিনে গিয়ে পরিদর্শন করে আবেদন করে। তা না হলে খেলা শুরু হয়ে গেলে তখন ভেন্যু নিয়ে সমস্যার কথা আমলে নেবে না ফেডারেশন।

ফকিরাপুলের বদলে ওয়ান্ডারার্স খেলবে

বিদেশি ফুটবলারের পারিশ্রমিক না দেওয়ায় ফিফা থেকে নিষেধাজ্ঞা রয়েছে ফকিরাপুল ইয়ংমেন্সের বিপক্ষে। তারা বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত ফুটবল কার্যক্রম চালাতে পারবে না। ফকিরাপুলের বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবে দেখেছে লিগ কমিটি। নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে ফকিরাপুলকে সময় বেঁধে দিচ্ছে লিগ কমিটি। এর মধ্যে সমাধান না হলে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেশন হয়ে যাওয়া ঢাকায় ওয়ান্ডারার্স ক্লাব পুনরায় প্রিমিয়ার লিগে খেলবে। বাফুফে সূত্রের দাবি ওয়ান্ডারার্স কর্মকর্তারাও বাফুফের কাছে অনুরোধ করেছিল তারা যেন ওয়ান্ডারার্সকে এবারের জন্য প্রিমিয়ার লিগে খেলা সুযোগ দেয়। ফকিরাপুলের ওপর নিষেধাজ্ঞার কারণে ওয়ান্ডারার্স সুযোগ পেয়ে গেল।

ইত্তেফাক/জেডএইচ