পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বাজারে এক চাল ব্যবসায়ীর কপালে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি করতে গিয়ে দুজন যুবক গণপিটুনির পর পুলিশের হাতে আটক হয়েছেন। সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মন্টু মোল্লার ছেলে সুজন (২২) ও বেলাল ব্যাপারীর ছেলে রাজীব হোসেন (২০)। জানা গেছে, তারা এলাকারই চিহ্নিত বখাটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন রাতে কাশিনাথপুর বাজারে অবস্থিত খান রাইস মিলের মালিক সামসুর রহমানের মাথায় খেলনা পিস্তল ঠেকিয়ে টাকা দাবি করেন সুজন ও রাজীব। মুহূর্তেই বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে ফেলেন এবং গণপিটুনি দিয়ে পরে পুলিশে সোপর্দ করেন।
আটকদের মধ্যে সুজন সিরাজগঞ্জের উল্লাপাড়ার খাজা ইউনুস আলী কলেজের বিবিএ বিভাগের ছাত্র এবং রাজীব পুন্ডুরিয়া মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
আটক সুজন দাবি করেন, আমি কিছু বুঝে ওঠার আগেই রাজীব পিস্তল বের করে টাকা দাবি করে। আমি পালানোর চেষ্টা করলেও জনতা ধরে ফেলে। তবে স্থানীয়রা বলছেন, দুইজনেই পূর্বপরিকল্পিতভাবে এ চাঁদাবাজিতে জড়িত ছিল।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনতা দুই চাঁদাবাজকে আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
