খাদ্য ব্যবস্থায় ন্যায়, স্থিতিশীলতা ও পুষ্টির ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: আলী ইমাম মজুমদার

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৯:১৩

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত জাতিসংঘ খাদ্য ব্যবস্থা সম্মেলনের এক সাইড ইভেন্টে বাংলাদেশের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘বাংলাদেশের লক্ষ্য হলো একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত, স্থিতিস্থাপক ও পুষ্টি-সংবেদনশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলা, যা বৈশ্বিক প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।’

মঙ্গলবার (২৯ জুলাই) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আলী ইমাম বলেন, ‘বাংলাদেশ প্রধান খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। পাশাপাশি একটি সমন্বিত, পুষ্টি-সংবেদনশীল নীতি কাঠামোও চালু করেছে, যা রূপান্তর অভিযাত্রার এক শিক্ষণীয় দৃষ্টান্ত। তবে এখনো কৃষকরা উৎপাদিত পণ্যে যথাযথ মুনাফা পাচ্ছেন না। খাদ্য অপচয় এবং ক্ষতি কমানো সম্ভব হয়নি। লবণাক্ততা, খরা ও বন্যার মতো পরিবেশগত হুমকিও বাড়ছে।’

তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনের সময় দ্রুত শেষ হয়ে আসছে। ফলে খাদ্য ব্যবস্থার রূপান্তরের প্রয়োজন এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।’

আলী ইমাম মজুমদার আরও বলেন, ‘বাংলাদেশ দক্ষিণ এশীয় ও অন্যান্য এশীয় দেশগুলোর সঙ্গে জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ে প্রস্তুত। খাদ্য ব্যবস্থার রূপান্তর কেবল কী উৎপাদন করছি তা নয়—এটি কীভাবে আমাদের মানুষকে পুষ্টি দেয়, পরিবেশ রক্ষা করে এবং কৃষকদের ক্ষমতায়ন করে, সেটাই গুরুত্বপূর্ণ।’

এজন্য সবাইকে দৃষ্টান্ত থেকে কাজে, নীতি থেকে বিনিয়োগে, প্রতিশ্রুতি থেকে বাস্তব অগ্রগতির যাত্রায় বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান তিনি।

ইত্তেফাক/এএম