পুলিশকে কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনীতে হওয়ার প্রয়োজন নেই: হাসনাত আবদুল্লাহ

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ২১:০৯

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, পুলিশ বাহিনীকে কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত হওয়ার প্রয়োজন নেই। বরং তাদের নিরপেক্ষ থেকে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) গাজীপুরের রাজবাড়ি মাঠে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, 'পুলিশ বিভাগে বিভাজন রয়েছে। কোনো ঘটনা ঘটলে দায় গিয়ে পড়ে নিচের স্তরের সদস্যদের ওপর—কনস্টেবল থেকে ওসি পর্যন্ত। অথচ শীর্ষ কর্মকর্তারা ক্ষমতার লোভে অন্ধ হয়ে পড়েন। এ অবস্থা থেকে উত্তরণে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। না হলে পুলিশের নিম্নপর্যায়ের সদস্যদের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের প্রবণতা বাড়বে।'

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, 'পুলিশ কারও—বিএনপি, আওয়ামী লীগ বা এনসিপির—হওয়ার দরকার নেই। পুলিশ হবে জনগণের।'

বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই এনসিপি নেতা। তিনি বলেন, 'বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা এখনো পর্যাপ্ত নয়। ভারতের মতো উন্নত প্রযুক্তির এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের নেই কোনো আয়রন ডোম। আত্মরক্ষার জন্য আমাদের যুদ্ধবিমান, সাবমেরিন ও আধুনিক অস্ত্রের প্রয়োজন রয়েছে। এনসিপি যদি দায়িত্বে আসে, প্রতিরক্ষা খাতে যুগোপযোগী উন্নয়ন ঘটানো হবে।'

সেনাবাহিনীকে যুগোপযোগী করার বার্তা দিয়ে হাসনাত বলেছেন, ‘হাসিনা সেনাবাহিনীকে রাজমিস্ত্রিতে পরিণত করেছে। কন্সট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে। আমাদের সেনাবাহিনীকে যুগোপযোগী করতে হবে। সেনাবাহিনীকে বিশ্বমানের প্রশিক্ষণ, অস্ত্র এবং প্রযুক্তি দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিরক্ষার জন্য প্রস্তুত করতে হবে।’

ইত্তেফাক/আইএ