রাইড শেয়ারিং সেবা অন্যান্য শহরেও সম্প্রসারণ করা হবে: কাদের

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১৫:৫০

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'রাইড শেয়ারিং সেবা পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরেও সম্প্রসারণ করা হবে।' বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার এর ভারত ও দক্ষিণ এশিয়ার জননীতি বিষয়ক প্রধান চাঁদ তুলাল মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

তিনি বলেন, '১ জুলাই থেকে ঢাকা মহানগরীতে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানসমূহকে নিবন্ধন দেওয়া শুরু হয়েছে। এর মাধ্যমে মহানগরীতে যাত্রী সাধারণের চলাচল আরও সহজতর হবে। ঢাকা মহানগরীতে গণপরিবহনের সংকট নিরসনে সরকারের নানামুখী উদ্যোগের একটি হচ্ছে রাইড শেয়ারিং নীতিমালা প্রণয়ন।' এ সেবায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে যাত্রী স্বার্থ অগ্রাধিকার দিয়ে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, 'রাইড শেয়ারিং সেবা পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরেও সম্প্রসারণ করা হবে।'

আরও পড়ুন:  প্রিয়া সাহার বক্তব্য অসত্য: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

তিনি আরও বলেন, 'সেবা প্রদানকালে যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। সাম্প্রতিককালে বিচ্ছিন্নভাবে অভিযোগ পাওয়া যাচ্ছে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

প্রতিনিধি দলে অন্যান্যর মধ্যে উবার এর কর্মকর্তা ইরাবতি ডেমেল ও জুলকার কাজী ইসলাম উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি