কুবি সাংবাদিকদের হত্যা হুমকি, বিচার পেতে অবস্থান ধর্মঘট

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১৬:০৪

সংবাদ সংগ্রহের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের গুলি করে হত্যার হুমকির ঘটনায় দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ২য় দিনেও অবস্থান কর্মসূচী পালন করেছে সাংবাদিক সমিতির সদস্যরা। বৃহস্পতিবার সকাল ১১টার পর বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে এ অবস্থান কর্মসূচি পালন করে সাংবাদিকরা। এর আগে বুধবার (২৪ জুলাই) দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়।
 
গত ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের জুনিয়র কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে খবর সংগ্রহ করতে গেলে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব হাসান হিমেল এবং শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাইহান ওরফে জিসান সাংবাদিকদের গুলি করে হত্যার হুমকি দেন। 

আরও পড়ুন: এবার জালে কাংঙ্খিত সেই ‘রূপালি স্বপ্ন’

এ ঘটনার পর চারদিন অতিবাহিত হলেও অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ যথাযথ কোনো পদক্ষেপ গ্রহণ না করায় অবস্থানের ঘোষণা দেয় সাংবাদিকরা। এছাড়াও দৃশ্যমান কোনো বিচার না হওয়া পর্যন্ত শাখা ছাত্রলীগের সকল ইতিবাচক সংবাদ বর্জনের ঘোষণা দেয় সাংবাদিকরা।

ইত্তেফাক/অনি