সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না ও জান্নাত আরা তালুকদার হেনরিসহ আওয়ামী লীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) গণঅধিকার পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় এ মামলা করেন। মোট ৫১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান জানান, বাদী আব্দুর রহিম তার ওপর সন্ত্রাসী হামলা, বাড়িঘর ভাঙচুর এবং বোমা বিস্ফোরণের অভিযোগ এনে মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বিকেলে সিরাজগঞ্জ শহরের রামগাতী মহল্লায় বাদীর বাড়িতে পরিকল্পিত হামলা চালায় আসামিরা। তারা বাড়িঘর ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন করে। ককটেল ও হাতবোমা বিস্ফোরণের মাধ্যমে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। একপর্যায়ে আব্দুর রহিমকে টেনে-হিঁচড়ে বাড়ি থেকে বের করে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে তাকে থানায় নিয়ে একটি রাজনৈতিক হত্যা মামলায় চালান দেওয়ার হুমকি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, থানা কর্তৃপক্ষ প্রথমে মামলা নিতে অস্বীকৃতি জানালেও পরে চাপের মুখে ২০২৪ সালের ১ জানুয়ারি তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
