গাইবান্ধায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৬:০১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক শিক্ষকের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারটির কর্তা মানিক চন্দ্র সরকার পলাশবাড়ী উপজেলার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক। তিনি ওই গ্রামের মৃত রাখাল চন্দ্র সরকারের ছেলে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রাত দেড়টার দিকে ৭-৮ জন মুখোশধারী ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা মানিক চন্দ্র সরকারের মাথায় পিস্তল ঠেকিয়ে পরিবারের অন্য সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরের আলমারি, বাক্স, ওয়ারড্রোব, শোকেস ইত্যাদি তছনছ করে ডাকাতরা প্রায় দুই ঘণ্টা ধরে লুটপাট চালায়।

ভুক্তভোগীরা আরও জানান, এসময় ডাকাতদল ঘর থেকে প্রায় ১০-১৫ ভরি স্বর্ণালঙ্কার, অর্ধলক্ষাধিক নগদ টাকা এবং একটি মোটরসাইকেলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। যাওয়ার সময় তারা পরিবারের সদস্যদের মারধর করে এবং এ ঘটনা পুলিশে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

ইত্তেফাক/এএইচপি