তালতলীতে মাদ্রাসার মাঠে ইউপি সদস্যের ‘ধানের বীজতলা’

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৭:০০

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণ খোলা ছি এন এ দাখিল মাদ্রাসার মাঠ দখল করে ধানের বীজতলা করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন মোল্লার বিরুদ্ধে। এতে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা। 

সরেজমিন দেখা যায়, গ্রামের মেঠো পথের ধারে হরিণ খোলা ছি এন এ দাখিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির সামনে উড়ছে জাতীয় পতাকা। শ্রেণীকক্ষে চলছে শিক্ষার্থীদের পাঠদান। কিন্তু মাদ্রাসার মাঠ ঘিরে খুঁটি পুঁতে জাল দিয়ে ঘেরাও করে সেখানে করা হয়েছে ধানের বীজতলা। এরপর থেকে বন্ধ হয়ে গিয়েছে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা এবং সমস্যা হচ্ছে যাতায়াতে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং সচেতন মহল। তারা দ্রুত সময়ের মধ্যে মাঠ থেকে ধানের বীজতলা অপসারণের দাবি জানিয়েছেন। 

এ বিষয়ে মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মোঃ মুজ্জাম্মেল হুসাইন বলেন, ‘মাদ্রাসার মাঠে ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন বীজতলা করেছেন। এ ব্যাপারে আমার সাথে কোন আলোচনা করেনি বা অনুমতি ও নেয়নি।’

অভিযুক্ত ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন বলেন, ‘ঐ বীজতলা আমাদের এলাকার চাষী আল আমিন করেছে। ঐ চাষী বিপদগ্রস্ত তাই আমি অনুমতি দিয়েছি।’

এছাড়াও তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। এ ব্যাপারে খুব শীঘ্রই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

 

ইত্তেফাক/এএম/এনজি