পদ্মা রেললাইন প্রকল্পে দুর্নীতি 

সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ২০:০১

পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারীপুরের সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে গঠিত অনুসন্ধান দল ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে নোটিশ পাঠিয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম ও রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবেক) সৈয়দ ফারুক আহম্মদ, ঝোটন চন্দ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (সাবেক) সাইফুদ্দিন গিয়াস, মোহাম্মদ সুমন, প্রমথ রঞ্জন ঘটক, আল মামুন, নাজমুল হক এবং জেলা প্রশাসক কার্যালয়ের কানুনগো (ভারপ্রাপ্ত) নাসির উদ্দিন, আবুল হোসেন, রেজাউল হক ও রেকর্ড কিপার মানিক চন্দ্র মণ্ডল।

দুদক জানায়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আওতায় পদ্মা রেললাইন সংযোগ প্রকল্পে ভূমি অধিগ্রহণের সময় অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে সহকারী পরিচালক আখতারুজ্জামানকে প্রধান করে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

আখতারুজ্জামান বলেন, 'অভিযুক্তদের কাছে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র চেয়ে গতকাল (মঙ্গলবার) নোটিশ পাঠানো হয়েছে। প্রাপ্ত তথ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে পরবর্তী আইনি কার্যক্রম শুরু করা হবে এবং কমিশনের কাছে সুপারিশ পাঠানো হবে।'

এ ঘটনা নিয়ে জেলা জুড়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। দুর্নীতির প্রমাণ মিললে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে দুদক।

ইত্তেফাক/টিএইচ