ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ায় 'শাসন পরিবর্তনের' জন্য বিশ্বকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি যুক্তি দেন, অন্যথায় প্রেসিডেন্ড ভ্লাদিমির পুতিন প্রতিবেশীদের অস্থিতিশীল করে তুলবেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) 'হেলসিঙ্কি চুক্তি' সইয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে জেলেনস্কি এ কথা বলেন।
তিনি বলেন, 'আমি বিশ্বাস করি রাশিয়াকে এই যুদ্ধ বন্ধ করার জন্য চাপ দেওয়া যেতে পারে। কিন্তু যদি বিশ্ব রাশিয়ার শাসন পরিবর্তনের লক্ষ্য না রাখে, তবে এর অর্থ হলো- যুদ্ধ শেষ হওয়ার পরেও মস্কো এখনো প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করবে।'
কিয়েভে মস্কোর সর্বশেষ হামলার পর জেলেনস্কি বিশ্বের বিভিন্ন দেশে রাশিয়ার আর্থিক সম্পদ বাজেয়াপ্ত করারও আহ্বান জানিয়েছেন।
তার মতে, 'আমাদের রাশিয়ার যুদ্ধযন্ত্রকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করতে হবে... দুর্নীতির চুরি যাওয়া সম্পদসহ প্রতিটি অবরুদ্ধ রাশিয়ান সম্পদকে মস্কোর আগ্রাসনের বিরুদ্ধে কাজে লাগাতে হবে।'
জেলেনস্কি আরও বলেন, রাশিয়ান সম্পদ বাজেয়াপ্ত করার সময় এসেছে, কেবল সম্পদ 'ফ্রিজ' করা নয়, বাজেয়াপ্ত করার সময় এসেছে। যুদ্ধ নয় - শান্তির সেবায় (এসব সম্পদ) ব্যবহার করার সময় এসেছে।
