আগামী মাসে লাওসে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাই। বৃহস্পতিবার (৩১ জুলাই) এই টুর্নামেন্টকে সামনে রেখে ২৩ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। কোনো পরিবর্তন নেই স্কোয়াডে। সর্বশেষ সাফজয়ী দলের ২৩ জনকেই এশিয়ান কাপ বাছাইয়ের দলে রেখেছেন কোচ পিটার বাটলার।
বেশ ছন্দে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। ঘরের মাঠে টানা ৬ জয়ে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতেন মেয়েরা। এবার তারাই এশিয়ান কাপ বাছাই খেলতে লাওসে যাবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২ আগস্ট দেশ ছাড়ার কথা রয়েছে আফঈদা-সাগরিকাদের।
বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের তিন প্রতিদ্বন্দ্বী দল দক্ষিণ কোরিয়া, লাওস ও পূর্ব তিমুর। ৬ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাওস। ৮ আগস্ট পূর্ব তিমুর আর ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবেন বাংলাদেশের মেয়েরা।
অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ স্কোয়াড—
গোলরক্ষক: স্বর্ণা রানী, মিলি আক্তার, ফেরদৌসি আক্তার।
ডিফেন্ডার: জয়নব বিবি, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কানোম আক্তার, রুমা আক্তার।
মিডফিল্ডার: স্বপ্না রানী, কানন রানী, ঐশী খাতুন, অয়ন্ত বালা, রুপা আক্তার, বর্না খাতুন, মুনকি আক্তার, সিনহা জাহান, শান্তি মার্ডি, নাদিয়া আক্তার।
ফরোয়ার্ড: পূজা দাস, উমেলা মারমা, মোসাম্মৎ সাগরিকা, তৃষ্ণা রানী, নবীরণ খাতুন।
